‘মিডিয়া ট্রায়াল’ ও গুজবের বিরুদ্ধে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
“কেউ কোনোদিন ছাত্রলীগ না করলেও তাকে সংবাদে ছাত্রলীগ হিসেবে উল্লেখ করা হচ্ছে।”
‘মিডিয়া ট্রায়াল, পক্ষপাত ও গুজবের’ বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী।
বুধবার দুপুর ২টার দিকে ‘মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ২৫-৩০ শিক্ষার্থী মুরাদ চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘মিডিয়া সন্ত্রাস নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, ‘আমাদের ক্যাম্পাসে মিডিয়া ট্রায়াল চলবে না’, ‘গুপ্ত মিডিয়া থাকতে পারবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরে বটতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে ‘মিডিয়া ট্রায়াল’, পক্ষপাতমূলক প্রতিবেদন ও গুজব ছড়ানো হচ্ছে। তাদের ভাষ্য, কিছু ‘হলুদ সাংবাদিক’ নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ঐশী বলেন, “গণমাধ্যমের কাজ জনসাধারণের কণ্ঠ হওয়া। কিন্তু তারা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে কাজ করছে এবং বায়াসড হয়ে পড়েছে। ‘মিডিয়া ট্রায়াল’ করছে, গুজব ছড়াচ্ছে, এমনকি ফেইক পেইজের মাধ্যমে নারী-পুরুষ সবার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি বলেন, “সারাদেশসহ জাহাঙ্গীরনগরে এসব ‘মিডিয়া ট্রায়াল’ আর চলবে না। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।”
ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, “সাংবাদিকদের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার কথা থাকলেও তারা বিভিন্ন সংগঠনের প্রোপাগান্ডা ছড়াতে শিক্ষার্থীদের ট্যাগ করছেন। কেউ কোনোদিন ছাত্রলীগ না করলেও তাকে সংবাদে ছাত্রলীগ হিসেবে উল্লেখ করা হচ্ছে। অথচ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের মনোযোগ নেই।”
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উচিত গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণে কাজ করা। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি, তারা সেই পরিবেশ নষ্ট করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “এ ধরনের একাধিক অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি বিবেচনায় নিয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্র-শৃঙ্খলা বিধিতে একটি নীতিমালা প্রণয়নের কথা ভাবা হচ্ছে।”
