২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আয় বাড়াতে রেলের জমি লাইসেন্সের আওতায় আনা হবে’

চাঁদপুর বড় স্টেশন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন একথা বলেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

আয় বাড়াতে যারা রেলের জমি ব্যবহার করছেন তাদেরকে লাইসেন্সের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।

তিনি বলেছেন, “আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ে নতুন নীতিমালা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অবৈধ দখলে থাকা রেলওয়ের জমি নিয়মমাফিক লাইসেন্সের আওতায় আনা হবে। এতে অবৈধ দখলদার কমবে।”

শুক্রবার বিকালে চাঁদপুর বড় স্টেশন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় যাত্রীসেবা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে নানা উদ্যোগ নিয়েছে। ইঞ্জিন সংকট কাটিয়ে উঠলে চাঁদপুর-লাকসাম পথে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।”

পাশাপাশি চাঁদপুর থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর আশ্বাসও দেন তিনি।

পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।