জীবনের নিরাপত্তায় গানম্যান চাইলেন রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী
১৭ জানুয়ারি রাতে দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে পহেল চাকমাকে ভোট থেকে সরে যেতে বলেন।
জীবনের নিরাপত্তা চেয়ে গানম্যানের জন্য আবেদন করেছেন রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
সোমবার সকালে তিনি এ আবেদন করেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।
স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, “নির্বাচনি প্রচার কাজে নিরাপদ বোধ করছি না। তাই জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যানের জন্য আবেদন করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন।”
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “স্বতন্ত্র প্রার্থী গানম্যানের জন্য আবেদন করেছেন। আমরা আবেদনটি গ্রহণ করেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।”
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “আবেদনের পরিপ্রেক্ষিতে গানম্যান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।”
১৭ জানুয়ারি রাত ৮টার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় নির্বাচনি কার্যালয়ে দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে পহেল চাকমাকে ভোট থেকে সরে যেতে বলেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পহেল চাকমা।
