সংসদ নির্বাচন: ভোটের আগে ২ দিন জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত
আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-জাকসু ও সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা বন্ধ থাকবে। তবে এ সময়ের ক্লাস ও পরীক্ষার সংশোধিত সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত থাকার আহ্বান জানিয়েছে।
