লক্ষ্মীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
শুক্রবার বিকালে ও রাতে লক্ষ্মীপুর-রামগঞ্জ এবং লক্ষ্মীপুর-রামগতি সড়কে দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি।
লক্ষ্মীপুর সদরের দুই সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার বিকালে ও রাতে লক্ষ্মীপুর-রামগঞ্জ এবং লক্ষ্মীপুর-রামগতি সড়কে দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ।
নিহতরা হলেন- পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩)। পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে এবং ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
এসব দুর্ঘটনায় আহত ৯ জনের মধ্যে সিফাত ও তামিম নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আব্দুল মোন্নাফ বলেন, শুক্রবার রাত মোটরসাইকেলে কালিবাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল পিয়াস। পথে রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের।
এতে অটোরিকশা-মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। আহত অবস্থায় পিয়াস, সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ ছয় জনকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, “হাসপাতাল আনার আগেই পিয়াস নামে একজন মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
একইদিন বিকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ফরহাদ হোসেন। এ দুর্ঘটনায় আহত হন আরও চার জন।”
ওসি আব্দুল মোন্নাফ বলেন, দুর্ঘটনা দুটির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
