হাম: ফরিদপুর মেডিকেলে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু
গত ২৪ মে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে ফরিদপুরে মোট ১৪ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেল বলে জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন।
মারা যাওয়া জান্নাতি (৬ মাস) নামের ওই শিশু মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার নুর হকের মেয়ে।
সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, “গত ২৪ মে হামে আক্রান্ত শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
স্বাস্থ্য বিভাগের নির্দেশে হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম চলছে বলে জানান তিনি।
