Published : 27 Jan 2026, 06:39 PM
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ দেশে হিন্দুরা ‘জামাই-আদরে’ থাকবে- এমনটা বলেছেন খুলনা-১ আসনে দলটির প্রার্থী কৃষ্ণ নন্দী।
তিনি বলেছেন, “হিন্দুদের বলা হয়, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ দেশে হিন্দুদের ‘জামাই-আদরে’ রাখবে।”
মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কৃষ্ণ নন্দী বলেন, “জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।”
জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন দলটির আমির শফিকুর রহমান।
উপকূলীয় জনপদ দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসন দীর্ঘদিনের ‘আওয়ামী লীগ দুর্গ’ হিসেবে পরিচিত। এই আসনে এবার এক চমকপ্রদ ‘রাজনৈতিক কৌশল’ নিয়েছে জামায়াতে ইসলামী।
হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত এই আসনে দলটি তাদের ‘হিন্দু শাখা’র নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে; যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী এবং তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তিনি জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। তার নিজ এলাকা ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন করছেন। তাকে খুলনা-১ আসনে প্রার্থী করা হয়েছে।
জনসভার পর কৃষ্ণ নন্দী আলাদাভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গেও কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে জামায়াত তাকে ‘সব ধর্মের মানুষের ঐক্যের প্রতীক’ হিসেবে মনোনয়ন দিয়েছে।
“আমি সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। একটু সময় কম হয়ে গেছে। গণসংযোগের আর একটু সময় পেলে ভালো হতো। তারপরও মানুষ আমাকে ভোট দেবে। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছে।”