সাতক্ষীরায় গৃহবধূকে নির্যাতন, স্বামী-শ্বশুর আটক
ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরায় পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও এক যুবককে পিটিয়ে, মাথা ও ভ্রুর ছেঁটে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার সাতক্ষীরা শহরের রাজারবাগান ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখে তাদের ওপর দফায় দফায় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে গৃহবধূর স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ ওই নারী ও যুবককে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নারীর স্বামী ও শ্বশুরকে আটক করেছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা ওই নারীর বাবা বলেন, তার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করতেন। আড়াই বছর আগে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে হয়।
মেয়ের স্বামী একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
গৃহবধূর বাবার অভিযোগ, দুই মাস আগে অন্য একটি মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলা ও তার অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী তার মেয়েকে মারপিট করে বাপের বাড়ি পাঠিয়ে দেন।
কিছুদিন পর গিয়ে ক্ষমা চেয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে আসতে চান স্বামী।
মেয়েটির বাবা বলেন, তার মেয়ে আসতে রাজি না হওয়ায় মাঝে মাঝে জামাই তাদের বাড়ি যেতেন।
এক পর্যায়ে ১০দিন আগে যুবক স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন।
আগের ঘটনার জের ধরে স্বামী, শ্বশুরসহ কয়েকজন তার মেয়ে ও তাদের পরিচিত এক যুবককে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতন চালান বলে গৃহবধূর বাবার অভিযোগ।
এছাড়া মাথা ন্যাড়া ও দুই চোখের ভ্রুর চুলও কেটে দেওয়া হয়। পরে গৃহবধূর শরীরে গরম তেল ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন তারা।
ওই নারীর বাবার দাবি, খবর পেয়ে থানায় লিখিত অভিযোগ জানানোর পর বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার সন্ধ্যায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে গৃহবধূর শ্বশুরের দাবি, তিনি মেডিকেল কলেজের পাশে সম্প্রতি বাড়ি করে সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। ছেলে ও পুত্রবধূ রাজারবাগানের বাড়িতে থাকেন। তার পুত্রবধূ মাদ্রাসায় পড়াশোনা করার সময় আশাশুনি উপজেলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।
ওই যুবক যশোরের আনসার ক্যাম্পের পাশে থেকে একটি কারখানায় কাজ করেন। সেখান থেকে মাঝে মাঝে তার ছেলের বউয়ের সঙ্গে দেখা করতে সাতক্ষীরায় আসেন।
তিনি আরও বলেন, এ নিয়ে তার ছেলের সঙ্গে বউয়ের ঝগড়া হত। এর জের ধরে দুইমাস আগে মেয়েটি তার বাপের বাড়ি চলে যায়। তার ছেলে ১০দিন আগে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসেন।
ছেলের বাবার ভাষ্য, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার ছেলে বাড়ি না থাকার সুযোগে ওই যুবক তার পুত্রবধূর সঙ্গে দেখা করতে আসেন। ঘরের মধ্যে তারা ‘অনৈতিক সম্পর্কে লিপ্ত হন’। তখন স্থানীয়রা তার ছেলেকে খবর দেন। পরে ছেলে এসে দুইজনকে আটকে মারপিট করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবীর হোসেন বলেন, “ওই গৃহবধূর যৌনাঙ্গসহ সারা শরীর ঝলসে দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
“তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।”
আহত যুবকের মাথায় ও পায়ে ভারি জিনিসের আঘাত রয়েছে বলেও জানান ওই চিকিৎসক।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
