টাঙ্গাইল ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নিহত সবাই অটোরিকশার যাত্রী।
টাঙ্গাইলের ঘাটাইল ও শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণ গেছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঘাটাইলের হামিদপুর এলাকায় গ্যারেজ থেকে বের হতে যাওয়া একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। তারা হলেন- ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদ ও গোপালপুর উপজেলার শফিউর ইসলাম।
ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী এলাকায় সন্ধ্যা ৬টার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের প্রাণ গেছে।
তারা হলেন- নালিতাবাড়ীর তালুকপাড়া গ্রামের মিরাজ আলীর ছেলে অটোরিকশাচালক আরিফ (২০) । নকলা উপজেলার ধনাকুশা গ্রামের আব্দুল মান্নান মুন্নার ছেলে শফিকুল ইসলাম (৪০)।
পুলিশ বলছে, শফিকুলকে নিয়ে আরিফ নালিতাবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান।
