২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটারে খানাখন্দ: গাড়ি চলে হেলেদুলে, আতঙ্ক

“মাদারীপুর জেলার অংশে প্রবেশ করলে আতঙ্ক বাড়ে। কখন যেন দুর্ঘটনায় পড়তে হয়। খুবই ভয় করে।”

ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটারে খানাখন্দ: গাড়ি চলে হেলেদুলে, আতঙ্ক
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার অংশ খানা খন্দকে ভরে বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ৪৭ কিলোমিটার অংশ পরিণত হয়েছে ‘মরণ ফাঁদে’। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যাত্রী, চালক ও পথচারীদের চলাচল করতে হয় ঝুঁকি আর আতঙ্ক নিয়ে।

ঝুঁকিপূর্ণ স্থানে প্রাথমিকভাবে ইট, বালু ও সুরকি দিয়ে মেরামতের কাজ চলছে; তবে বৃষ্টিতে তা টিকছে না। সড়ক বিভাগ জানিয়েছে, টেকসই সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দের ওপর দিয়ে হেলেদুলে চলছে যানবাহন। মহাসড়কটির ভুরঘাটা, পাথুরিয়ারপাড়, কর্নপাড়া, ভাঙাব্রিজ, তাঁতিবাড়ি, মোস্তফাপুর, ঘটকচর, সমাদ্দার, সানেরপাড়, রাজৈর, টেকেরহাট, দিকনগর, ছাগলছিড়া, বরইতলা, বাবনাতলা, ও ভাঙাসহ বিভিন্ন স্থানেই চলচলে ঝুঁকি রয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান বলেন, “প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে ইট, সুরকি আর বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে। আর টেকসইভাবে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে; যা মন্ত্রণালয়ে অনুমোদের অপেক্ষায় রয়েছে।”

সড়কে চলাচলকারীদের সঙ্হে কথা বলে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা পর্যন্ত মহাসড়কটির ৪৭ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। সড়ক বেহাল, তাই গাড়ি চলে খুবই ধীরে। এতে একদিকে বেশি সময় লাগছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে যানবাহনের।

পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুন। কিন্তু ঢাকা-বরিশাল মহাসড়কের কোন উন্নয়নই হয়নি। সম্প্রতি মহাসড়কের বরইতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত ও অন্তত ১৫ জন আহত হন।

গুরুত্বপূর্ণ এই সড়কের খানাখন্দকে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা; বাড়ছে প্রাণহানি। গর্তে পানি জমে থাকায় পথচারীদের বিড়ম্বনায়ও পড়তে হয়।

মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর থেওেক পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলা ও মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন ছোটবড় প্রায় ২০ হাজার যানবাহন এই মহাসড়কে চলাচল করে। টেকসই ভাবে মহাসড়ক সংস্কার কার্যক্রম গ্রহণ না করায় এবং অর্থ বরাদ্দের অভাবে জোড়াতালি দিয়ে সংস্কার করায় সড়ক বেশি দিন টিকছে না।

বরিশাল থেকে ফরিদপুরগামী বাসের যাত্রী হেলেনা আক্তার বলেন, “এই সড়কে বাসে উঠলে মাথা ব্যথা হয়ে যায়। একটু পর পর বড় বড় গর্ত। কবে এর থেকে আমরা মুক্তি পাবো, জানি না।”

পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে আসা বেপারী পরিবহনের যাত্রী অজান্তা বৈদ্য বলেন, “পটুয়াখালী থেকে রওনা দিয়ে মাদারীপুর জেলার অংশে প্রবেশ করলে আতঙ্ক বাড়ে। কখন যেন দুর্ঘটনায় পড়তে হয়। খুবই ভয় করে। আর সময় বেশি লাগার কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারিও না।”

মাইক্রোবাস চালক আরিফ মৃধা বলেন, “সড়কের অবস্থা খুবই খারাপ। গাড়ি চালাতে ভয় লাগে। দ্রুত এটি মেরামত করা উচিত। তা না হলে দুর্ঘটনায় প্রাণহানি হতে পারে।”

আবুল হাসান নামে পিকআপভ্যানের চালক বলেন, “ভাঙ্গা থেকে ভুরঘাটা সবখানেই এখন বড় বড় গর্ত। দুর্ভোগের শেষ নেই। গাড়ি চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি। আমরা এর থেকে প্রতিকার চাই।”

গোল্ডেন লাইন পরিবহনের চালক মো. ইয়ামিন বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ৪৭ কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ, বড় বড় গর্তের কারনে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটি মেরামত করা হলে খুবই ভাল হতো। তাহলে সঠিক সময়ে যাতায়াত করতে পারতাম।”

সড়ক ও জনপদ বিভাগের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান বলেন, “বরাদ্দ অনুমোদন হলে ভোগান্তি আর থাকবে না। এছাড়া যে সকল কাজে ঠিকাদারের সময়সীমা রয়েছে, সেখানে ঠিকাদারও মেরামত করে দিচ্ছে। সড়কটি ছয় লেনে উন্নতিকরণ হলে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারবেন। এ ব্যাপারেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে সড়ক বিভাগ।