১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধকে সবার উপরেই স্থান দিতে হবে: মুজিবনগর দিবসে বক্তারা

মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আম্রকানন পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ কথা বলেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 12:03 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

একাত্তর সালের মুক্তিযুদ্ধকে অন্য সবকিছুর উপরে স্থান দেওয়ার কথা বলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

শুক্রবার মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় (মুজিবনগর) আম্রকানন পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ কথা বলেন।   

১৯৭১ সালের এই দিনে আম্রকাননে মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকে দিবসটি মুজিবনগর দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। 

বিকাল ৩টায় ঢাকা থেকে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল বৈদ্যনাথ তলায় পৌঁছে শপথ গ্রহণের স্থান পরিদর্শন এবং শ্রদ্ধা নিবেদন করেন। 

পরবর্তীতে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সম্বলিত স্থান পরিদর্শন করেন এবং ধ্বংসপ্রাপ্ত স্মৃতি স্মারকগুলো ঘুরে ঘুরে দেখেন।

পরে প্রতিনিধিদলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও লেখক আবু সাইদ খান বলেন, “এখানে আমরা সবাই বিভিন্ন পেশার মানুষ হলেও আমাদের মতাদর্শ এক; সেটা আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা দেখেছি সারাদেশে ৫ অগাস্ট পরবর্তীতে বিভিন্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং স্থাপনায় হামলা হয়েছে। এগুলোর পুনর্নির্মাণ করা হয়নি। 

“আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বশেষে সবাই দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ কোনো একটি দলের বা কারো একক সাফল্য নয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল এটি।” 

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “স্বাধীনতার পর থেকে বার বার এদেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। গণতন্ত্রকে রক্ষায় বার বার গণঅভ্যুত্থান করেছে। কিন্তু একদল মানুষ এই গণঅভ্যুত্থানের সুফলকে ভুলণ্ঠিত করতে চায়। 

“তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ সবার উপরে আর মুক্তিযুদ্ধকে সবার উপরেই স্থান দিতে হবে। আর তাহলেই কেবল মাত্র আমরা একটি গণতান্ত্রিক দেশে পরিণত হতে পারব।”

প্রতিনিধিদলে আরও ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, রফিক আহমেদ সিরাজী।