কুমিল্লায় ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, যুবক গ্রেপ্তার
অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে; যেগুলো বাড়িটির ছাদে শুকাতে দেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ।
সোমবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলামের বাড়ি থেকে এসব উদ্ধারের সময় এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
গ্রেপ্তার কাউছার (৩০) ওই ইউনিয়নের উওরপাড়া এলাকার প্রয়াত আব্দুল হাকিমের ছেলে।
ওসি সাজেদুল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুরের পাড় থেকে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ইউপি সদস্য পালিয়ে গেলেও বাড়ির পাশে বাঁশঝাড় থেকে কাউছারকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার এসআই মেহেদী হাসান জুয়েল বলেন, “কাউসার ইউপি সদস্য নুরুলের বাড়ির ছাদে গাঁজাগুলো শুকাতে দিয়েছিলেন। তবে নুরুল ও তার ছেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কাউছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি সাজেদুল।
