সিলেটে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা
শনিবার ভোরে উত্তর রনিখাই ইউনিয়নে বিজিবি সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে।
সিলেটের কোম্পানীগঞ্জে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে সাতজনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে বিজিবি সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে।
এরপর বিজিবির নায়েক সুবেদার আলমগীর হোসেন মামলাটি করেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান।
মামলার বরাত দিয়ে পুলিশ রোববার বিকালে জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে চার রাস্তার মোড় ট্রলির লাইনে টহলে যান বিজিবির সদস্যরা। এ সময় মাদক বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ধাওয়া করে বিজিবি সদস্যরা।
এতে ১৬৭ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। তার অল্প সময়ের মধ্যেই বিজিবি সদস্যদের লক্ষ্য করে ২০-৩০ মাদক কারবারি পাথর নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা চারটি ফাঁকা গুলি করে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, মাদক কারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্যরা হামলার শিকার হন।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর বলেন, “আত্মরক্ষার্থে আমরা চারটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
