২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় এবার হত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ ৩ সাংবাদিক

এ নিয়ে বগুড়ায় গত ১১ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা হল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 07:49 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবকের মৃত্যুর ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ স্থানীয় তিন সাংবাদিককে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন আন্দোলনে নিহত মো. শিমুলের (৩৫) স্ত্রী শিমু বেগম।

মামলার এজাহারে ১৩৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে বলে সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান। 

শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও আসামি বগুড়ার তিন সাংবাদিক হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল আলম নয়ন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ। 

তাদের বিরুদ্ধে হত্যা ছাড়াও হাত ও পেট্রলবোমা হামলার অভিযোগ আনা হয়েছে।

এ নিয়ে বগুড়ায় গত ১১ দিনে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা হল। 

শিমুল হত্যা মামলার নথি থেকে জানা যায়, গত ৪ অগাস্ট বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের প্রধান সড়কে ঝাউতলা এলাকায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, রাগেবুল আহসানসহ চারজনের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, রাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালান। 

এ সময় মিছিলে হাত ও পেট্রোল বোমা হামলা করেন ওই তিন সাংবাদিকসহ এজাহারভুক্ত ৩৩ আসামি। 

মামলার অভিযোগ আরও বলা হয়েছে, হামলার সময় শিমুল ছাত্র-জনতাকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েন বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান, বগুড়া পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান, আবদুল মতিন সরকারসহ অন্য আসামিরা। 

বুকে গুলিবিদ্ধ হয়ে শিমুল মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত হলে ঘটনাস্থল থেকে চলে যান হামলাকারীরা। 

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন:

বগুড়ায় রিকশাচালক হত্যা মামলা, 'হুকুমের আসামি' শেখ হাসিনা