Published : 24 Jun 2026, 05:53 PM
খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
দীঘিনালা থানার ওসি মো.ইকবাল বাহার চৌধুরী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবুছড়া, মেরুং ও বোয়ালখালী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিপায়ন বড়ুয়া, বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম।
পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে দীঘিনালা থানায় হত্যা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, “গোপন তথ্যে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে তোলা হবে।”