২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মহেন্দ্র-ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে মা-ছেলে নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনায় আহত হয়েছেন মহেন্দ্রের ছয় যাত্রী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

সাতক্ষীরা তালা উপজেলায় মহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন মহেন্দ্রের ছয় যাত্রী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাটকেলঘাটা থানার ওসি এইচ এম লুৎফুর কবির।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শাখরা এলাকার আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)।

আহতরা হলেন- খুলনার সদরের ইদ্রিস আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৩), রুপসার দিয়াড়া এলাকার হাতেম আলীর ছেলে খাইরুল আলম (৩৮), পাইকগাছা উপজেলার কুপিলমুনি এলাকার বাসুদেবের স্ত্রী মিনু (৩৫), সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জনাব আলীর ছেলে নুরুজ্জামান (৩৫), কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার তাপস (৩৭) এবং তালা উপজেলার ভারশা এলাকার আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পাটকেলঘাটা থানার এস আই শোভন দাশ বলেন, বেলা ১২টার দিকে তালা থেকে একটি যাত্রীবাহী মহেন্দ্র সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটরসাইকেলের সঙ্গে মহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মহেন্দ্রটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক আক্তার মারুফ বলেন, হাসপাতালে আনার আগেই দুজন মারা গেছেন। হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে দুজন নারী। 

পাটকেলঘাটা থানার ওসি এইচ এম লুৎফুর কবির বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুজ্জামান চানু বলেন, দুর্ঘটনা কবলিত মহেন্দ্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।