সভাপতি ‘বিবাহিত’: প্রতিবাদে সড়কে আগুন বেলাব ছাত্রদলের পদবঞ্চিতদের
দীর্ঘ ২২ বছর পর সোমবার বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটির নবনির্বাচিত সভাপতি বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয় এমন অভিযোগ করে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন পদবঞ্চিতরা।
মঙ্গলবার বেলাব বাজার কলেজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলাব থানার ওসি এস এম আমানুল্লাহ।
বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন দেয় এবং স্লোগান দিয়ে নবগঠিত কমিটির বাতিলের দাবি করে। পরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পদবঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানান ওসি।
এর আগে সোমবার দীর্ঘ ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটির ৬ সদস্যের নাম ঘোষণা করা হয়। চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথাও বলা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই নবনির্বাচিত সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নন এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করেন অনেকে।
পরে মঙ্গলবার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে কমিটি বাতিলের দাবি জানান পদবঞ্চিতরা।
এ ব্যাপারে আশিক সুজন মামুন দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে সক্রিয় জানিয়ে বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলেও আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম।
“দলের প্রতি আমার দায়িত্ববোধ ও কার্যক্রম দেখে স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি ঘোষণা করেছেন।”
প্রতিবাদের বিষয়ে তিনি বলেন, “আমার প্রতিপক্ষ যারা ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে বলে শুনেছি।
“আরেকটি পক্ষ আমি বিবাহিত এরকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং মিথ্যা অপপ্রচার। আমি বিয়ে করিনি।”
যারা এসব করে তার সম্মানহানি করছে তাদের বিচারেরও দাবি করেন তিনি।
