২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পৌনে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 06:58 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ভারতীয় চিনি, শাড়ি, ওষুধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার রাত পর্যন্ত টানা ১৭ ঘণ্টা সীমান্তবর্তী ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

জব্দ করা ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য পৌনে দুই কোটি টাকা বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তবর্তী তিন উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালায় বিজিবি সদস্যরা। অভিযানে ছাগলনাইয়ার জয়নগর এলাকার এক বাসিন্দাকে নিয়ে স্থানীয় খায়রুলের পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানো হয়।

সেখান থেকে পাঁচ হাজার ৮৯০ কেজি চিনি, ১৮ বস্তা শাড়ি ও কাপড় এবং বাগান তল্লাশি করে আরও ২৮ বস্তা শাড়ি ও কাপড় জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

অপরদিকে পরশুরাম সীমান্ত পিলার থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তুলাতুলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় এক হাজার ৪২০ কৌটা হেল্থ ফিট ও ৫৩০ কৌটা ‘গুড হেল্থ’ ওষুধ জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য সাত লাখ সাত হাজার ৩০০ টাকা।

এ ছাড়া বিজিবির তারাকুচা বিওপির টহল দল সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলগাজী উপজেলার ফেনা পস্কুরুনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুই বস্তা ভারতীয় শাড়ি কাপড় জব্দ করে; যার আনুমানিক মূল্য দুই লাখ ৩২ হাজার টাকা।

এর আগে ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির টহল দল সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেক্রেটারি বাগান এলাকায় মালিকবিহীন চার বস্তা ভারতীয় শাড়ি জব্দ করে; যার আনুমানিক মূল্য ২০ লাখ দুই হাজার টাকা।

জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।