২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী তাকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 01:52 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

একাত্তরের স্বাধীনতাকে না মানলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি বলেছেন, “আমার কাছে মনে হয়, আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদেরকে নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

“আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।”

মির্জা ফখরুল বলেন, “কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। সেজন্যে আমি সবসময় এই কথটা বলি, একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।”

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের এই প্রার্থী বলেন, “১৯৭১ সালে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচার করা হচ্ছে।”

সঠিক মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা সেই ব্যক্তিকে ভোটটা দেব, যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ, ভোটের সময় মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকে চেনাতেও ভুল বোঝায়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।” 

এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ বক্তব্য দেন।