২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে এসআইকে কামড়ে পালানোর চেষ্টা ‘মাদক কারবারির’

তল্লাশি করে ইয়াবা পাওয়া গেলে ওই যুবক এসআই রতনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানায় পুলিশ।

ঝালকাঠিতে এসআইকে কামড়ে পালানোর চেষ্টা ‘মাদক কারবারির’
আহত এসআই রতন চন্দ্র হাওলাদার।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 07:55 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক এসআইকে কামড়ে পালানোর চেষ্টা করেছেন এক যুবক; যাকে মাদক কারবারি বলছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮টি ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয় বলে জানান কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান। 

আটক সুজন হাওলাদার (৩০) ওই এলাকার সোবাহান হাওলাদারের ছেলে।

আহত এসআই রতন চন্দ্র হাওলাদার কাঁঠালিয়া থানায় কর্মরত আছেন। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে দুপুরে এসআই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সুজনকে আটক করা হয়। 

পরে তল্লাশি করে তার কাছে ইয়াবা পাওয়া গেলে তিনি এসআই রতনের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে অন্যদের সহায়তায় তাকে আটক করা হয়। 

আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আবু নাছের রায়হান।