সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর খাদে ভেসে উঠল ২ ভাইয়ের লাশ
“দুপুরে বাড়ির পাশের একটি খাদে জমে থাকা পানিতে শিশু দুইটির লাশ ভেসে উঠে।”
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে খাদের মধ্যে জমে থাকা পানি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।
নিহতরা হল- উপজেলার সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের চার বছর বয়সি ছেলে আবু বক্কার এবং ইয়ামিন হোসেনের পাঁচ বছর বয়সি ইয়াসিন। তারা সর্ম্পকে খালাতো ভাই।
নিহত আবু বক্কারের চাচা মামুন বলেন, শনিবার আবু বক্কার ও ইয়াসিনের মায়েরা তাদের সঙ্গে নিয়ে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বাড়ির পাশে বালুর স্তূপে ওই দুই শিশু খেলা করার সময় নিখোঁজ হয়।
“বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। এরপর এনায়েতপুর থানা পুলিশকে অবগত করা হয়েছিল। এরপর দুপুরে বাড়ির পাশের একটি খাদে জমে থাকা পানিতে শিশু দুইটির লাশ ভেসে উঠে।”
ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।
