রাজবাড়ীতে নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
স্কুল থেকে ছেলেকে বাড়িতে রেখে বাজারে যাওয়ার পথে একটি নসিমন সজিবকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
রাজবাড়ী সদর উপজেলায় ইঞ্জিন চালিত নসিমনের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান।
নিহত মো. সজিব মোল্লা (৪০) উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত ওবায়দুর মোল্লার ছেলে। তিনি শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মটর মেরামতের কাজ করতেন।
স্থানীয়দের বরাতে ওসি মাহমুদুর রহমান বলেন, সজিব স্কুল থেকে ছেলেকে বাড়িতে রেখে শ্রীপুর বাজারে যাওয়ার পথে একটি নসিমন তাকে চাপা দেয়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, ঘটনার পরপর চালক নসিমন নিয়ে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
