২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন দিল জনতা

মাদ্রাসা ছুটির পর নানার সঙ্গে হেঁটে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন দিল জনতা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শিশুকে চাপা দেওয়া বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বাস চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার পর বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বাধা দেয় জনতা। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে বেতকা-ঢাকা পথে সোয়া ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বুধবার উপজেলার বেতকা রান্ধনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গীবাড়ি থানা ওসি মো. সাইফুল আলম।

নিহত আরবী ইসলাম (৬) ওই গ্রামের গ্রিস প্রবাসী আলমগীর শেখের মেয়ে। সে বেতকা আদর্শ মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, সম্প্রতি আলমগীর একমাত্র সন্তান আরবীর সঙ্গে ছুটি কাটাতে বাড়িতে এসেছেন। দুই দিন বাদেই তার গ্রিসে কর্মস্থলে ফেরার কথা কিন্তু তার আগেই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আলমগীর।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীম বলেন, মাদ্রাসা ছুটির পর নানার সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল আরবী। এ সময় ঢাকা থেকে বেতকাগামী একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলের আরবী মারা যায়। 

ঘটনাস্থলের পাশেই ছিল রাধুনি বাড়ি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে লোকজন ছুটে এসে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়।

ওসি সাইফুল আলম বলেন, ঘটনার পরপর বাস রেখে পালিয়ে যান চালক মো. জামাল। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।