Published : 17 Nov 2025, 03:59 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী-রাজীবপুর) আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই মনোনয়ন পাওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এমন পরিস্থিতিতে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন দলের একটি অংশ।
মহিলা দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে এ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে চিলমারী উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার উপজেলার রমনাঘাটে এ কর্মসূচিতে চিলমারী, রাজিবপুর ও রৌমারী উপজেলার শত শত নারী ও পুরুষ অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে চিলমারী উপজেলা শাখা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহিলা দল চিলমারী উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি রোকাইদা আক্তার লুনা, রমনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আমিন সরকার এবং চিলমারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য আনজুমা উপস্থিত ছিলেন।

যুবদল নেতা নুর আমিন সরকার বলেন, কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই মনোনয়ন পেয়েছেন। একই পরিবারের দুই ভাই প্রার্থী হওয়ায় সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন। সেজন্য বিএনপির প্রার্থী পরিবর্তন করে মহিলা দলের নেত্রী লিপিকে দেওয়ার দাবি জানান তিনি।
কৃষক দল নেতা মুজিবুর রহমান বলেন, মমতাজ হোসেন লিপি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করছেন। তাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
মমতাজ হোসেন লিপি বলেন, “দীর্ঘদিন ধরে এ আসনের মানুষের সুখে দুখে পাশে ছিলাম। দল আমাকে মনোনয়ন দিলে সাধারণ জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।”
৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কুড়িগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। তিনি রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
অপরদিকে জামায়াতে ইসলামী এই আসনে তাদের প্রার্থী রৌমারী উপজেলা কমিটির সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম ঘোষণা করে।
দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।