২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে ট্রেনে করে এল ৪৬৮ টন আলু

বন্দরে বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে ২৭টাকা ৬০ পয়সা।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 08:21 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এবার ৪৬৮ টন আলু আমদানি করা হয়েছে। শনিবার পণ্য চালানটি খালাস করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো রেলে আলু বেনাপোল বন্দর রেল স্টেশনে প্রবেশ করে বলে রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান।

সাইদুজ্জামান বলেন, “ভারতের মালদার ‘আতিফ এক্সপোর্ট’ নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানি কারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স।

“একটি কার্গো ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে; যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১ লাখ ৭ হাজার ৬৪০ ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে ২৭টাকা ৬০ পয়সা।”

বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, “ভারত থেকে ট্রেনের একটি রেক-এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য শনিবার বেনাপোল শুল্কভবনে কাগজপত্র দাখিল করা হবে।

“কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।”

বেনাপোল কাস্টমস হাউজের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে একটি চালানে ৪৬৮ মেট্রিক টন আলু এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত পণ্য চালান খালাসে সহযোগিতা করা হবে।