২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যৌন নিপীড়নের অভিযোগে ‘মব’ সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটুনি, কারাগারে ৫

কোমল পানীয় কিনতে আসা এক শিশুর মা দোকানদারের বিরুদ্ধে তাকে স্পর্শ করার অভিযোগ তোলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 05:14 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

সিলেট নগরীতে যৌন নিপীড়নের অভিযোগ তুলে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এ ঘটনায়  করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

পিটুনির শিকার ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শনিবার তার ছেলে রুবেল দাস ১৩ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

কারাগারে যাওয়া পাঁচজন হলেন- শিল্পী বেগম (৪২), আহম্মদ হোসেন আরিফ (২৪), আকাশ আহমেদ (২০), রোকেয়া আক্তার (২২) এবং দেলোয়ার হোসেন (৩২)।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মোছাম্মৎ রোজী আক্তার, মো. রফিকুল ইসলাম মিন্টু, শোয়েব, নাদিম আহমদ, ইমন, কামাল, সৈয়দ আবু বক্কর, অন্তর এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ সেনপাড়া এলাকার রাণী স্টোরে কোমল পানীয় কিনতে আসে আট বছর বয়সী এক শিশু। দোকানে ভিড় থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। পরে সে পানীয় নিয়ে চলে যায়।

কিছুক্ষণ পর শিশুটির মা দোকানে এসে জানতে চান, কেন তার সন্তানকে অপেক্ষা করতে হয়েছে। একপর্যায়ে তিনি অভিযোগ করেন, দোকানদার শিশুটিকে স্পর্শ করেছেন।

পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাই না করেই কয়েকজন লোক দোকানে জড়ো হন। পরে তারা দোকান মালিক খগেন্দ্র চন্দ্র দাসকে পিটুনি দেয়। এতে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর পুলিশ দোকানের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে তদন্ত শুরু করে। ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

হাসপাতালে চিকিৎসাধীন খগেন্দ্র চন্দ্র দাস বলেন, “এক শিশু আমার দোকান থেকে টাইগার কিনতে এসেছিল। ভিড় থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলি। পরে সে চলে যায়। কিছু সময় পর তার মা এসে অভিযোগ করতে থাকেন। আমি সিসিটিভি ভিডিও দেখতে বলি। এর মধ্যেই কয়েকজন যুবক এসে আমাকে মারধর শুরু করে।”

তিনি বলেন, “মারধরকারীদের সবাইকে আমি চিনি না। তবে তাদের মধ্যে একজন কয়েকদিন আগে আমার কাছে টাকা দাবি করেছিল। হামলাকারীরা আমার মোবাইল ফোন, শার্ট ও প্যান্টের প্যাকেট, ক্যাশবাক্সের টাকা এবং সিগারেটের কার্টন নিয়ে গেছে।”

পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, “সিসিটিভি ভিডিওতে যৌন হয়রানি বা শ্লীলতাহানির কোনো ঘটনা দেখা যায়নি। যাচাই না করে গুজবের ভিত্তিতে ব্যবসায়ীকে পিটুনি দেওয়া হয়েছে। এটি ‘মব জাস্টিসের’ একটি ঘটনা।”

তিনি বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তও চলছে।”

এ ঘটনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং হিন্দু-বৌদ্ধ কল্যাণ ঐক্য ফ্রন্টের নেতারা আহত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানিয়েছেন।