ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
আহত দুই জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গায় দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন।
নিহতরা হলেন, আলী ইমরান শরীফ (২৩) ও সাইফুল মোল্লা (২২)।
স্থানীয়দের বরাতে এসআই মামুন বলেন, ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়া মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গামুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলগুলোতে থাকা চারজন গুরুতর আহত হন।
“স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলী ইমরান শরীফকে মৃত ঘোষণা করেন।
“এ সময় গুরুতর আহত সাইফুল মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। কিন্তু পথেই তার মৃত্যু হয়।”
আহত অন্য দুই জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই মোহাম্মদ মামুন।
