২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে যাওয়ার পথে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 11:36 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ ও বিজিবি জানিয়েছে।

রোববার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসান।

গ্রেপ্তার আলফাজ উদ্দিন (৫৭) কলারোয়ার গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ওসি ইমতিয়াজ আহসান বলেন, “গোপন খবরে জানতে পারি, সাতক্ষীরার একটি হত্যা মামলার এক আসামি পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবেন। পরে ইমিগ্রেশন এলাকায় পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।

“পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসার পর ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। খোঁজ-খবর নিয়ে জানা যায়, তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।”

পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আটক আলফাজ সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, আলফাজ উদ্দিনকে আটকের বিষয়ে কলারোয়া থানা-পুলিশকে জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে হস্তান্তর করা হবে।