নওগাঁর সীমান্তে নারী, শিশুসহ ১৬ জনকে ‘পুশ ইন’
কয়েক বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে রাজশাহীর চারঘাট সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন তারা।
নওগাঁর পত্নীতলা উপজেলা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার শীতলমাঠ এলাকার ২৪৫/১ এস পিলারের পাশ দিয়ে তাদের পুশ ইন করা হয় বলে জানান ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন।
পরে বিজিবির টহলদল তাদেরকে শীতলমাঠ এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের মধ্যে চারজন নারী, সাতজন পুরুষ ও পাঁচ শিশু রয়েছে।
এদের মধ্যে ১৫ জন নাটোরের লালপুর থানার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- মোতালেব হোসেন শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খানঁ (৬০), মুকুল শেখ (২৫), এলিনা খাতুন (২৮), মৃদুল শেখ (২২), বিনা খাতুন (৩৫), রোজিনা খাতুন (১৮), জোসনা বেগম (৫৩) এবং ১০ মাস থেকে ১০ বছর বয়সী পাঁচ শিশু।
আরেকজন হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার চককুরুলিয়া গ্রামের মিরাজ শেখ (১৮)।
পরে আটকদের পত্নীতলা থানায় পাঠানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে বিজিবি জানায়, তারা কয়েক বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে রাজশাহীর চারঘাট সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন। ৯ সেপ্টেম্বর ভারতের রাজস্থান থেকে দেশটির পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।
পরে ভারতের পশ্চিমবঙ্গের ২৯ ব্যাটালিয়ন সন্ধ্যাপুকুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১৬ জনকে পত্নীতলার শীতলমাঠ সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইন করেন বলে জানায় বিজিবি।
পত্নীতলা থানার ওসি শাহ এনায়েতুর রহমান বলেন, ওই ১৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের থানায় নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
