২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মাছের গাড়ি লুট, সাবেক এমপির ছেলে কারাগারে

গ্রেপ্তার সুমন কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মজিবুর রহমান মঞ্জুর ছেলে।

মাছের গাড়ি লুট, সাবেক এমপির ছেলে কারাগারে
মফিজুর রহমান সুমন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ড্রামভর্তি পাঙাস মাছের গাড়ি ছিনতাইয়ের মামলায় কিশোরগঞ্জের বাজিতপুরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মফিজুর রহমান সুমন (৪৫) কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মজিবুর রহমান মঞ্জুর ছেলে। তার বড় ভাই মোস্তাফিজুর রহমান মামুন বিএনপি মনোনয়নের জন্য গণসংযোগ করছেন।  

সোমবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সুব্রত সাহা আসামির জামিন নামঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পরিদর্শক শামসুল আলম সিদ্দীকি জানান। 

মামলার বরাতে পুলিশ জানায়, ২০ ড্রাম পাঙাস মাছসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় রোববার বাজিতপুর থানায় আবু তাহের নামে একজন চাষি মামলা করেন। তার বাড়ি বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামে। সেই মামলায় গ্রেপ্তার করা হয় সুমনকে।

মাছচাষি আবু তাহের বলেন, রোববার সকালে নিজের খামার থেকে ২০ ড্রাম পাঙাস মাছ টমটমে উঠিয়ে কটিয়াদীর চরিয়াকোণা স্বনির্ভর বাজারের আড়তে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজ এলাকায় সুমন ও তার চার-পাঁচ সহযোগী গতিরোধ করে গাড়ি নিয়ে চলে যায়।

“আমিও অন্য একটি গাড়িতে করে স্বনির্ভর বাজারে যাই। সেখানে গিয়ে সুমন ও তার সহযোগীদের দেখতে পাই। তখন দ্রুত কটিয়াদী মডেল থানায় গিয়ে মৌখিক অভিযোগ দেই। পরে এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করলেও সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়।” 

এ ঘটনাটি কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেনকে অবহিত করেন এবং আসামিকে বাজিতপুর থানায় হস্তান্তর করেন।