১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাট সীমান্তে সোয়া কোটি টাকার সোনার বার জব্দ, গ্রেপ্তার ১

সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 07:23 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত থেকে সোয়া কোটি টাকার পাঁচটি সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে চোরাকারবারি বলছে বিজিবি।

আটক যুবক সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে ভাষ্য বিজিবির।

শনিবার সকালে উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

গ্রেপ্তার মতিয়ার রহমান মিন্টু (৩৪) পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিল। এ সময় বাইসাইকেলে আসা মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। 

পরে বাইসাইকেলের সিটের নিচ থেকে কসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেটে পাঁচটি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি।

জব্দ করা সোনার ওজন ৫৮৭ দশমিক ৭২ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানায় বিজিবি। 

পরে আটক মিন্টুর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।