হাম: ময়মনসিংহ মেডিকেলে উপসর্গ নিয়ে আরও ৩৩ শিশু ভর্তি
বর্তমানে এ হাসপাতালে মোট ৮৮ শিশু চিকিৎসাধীন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৩ শিশু ভর্তি হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয় এবং এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৮ শিশু চিকিৎসাধীন বলে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন।
এদিকে গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫১৫ শিশু ভর্তি হয়েছে।
এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। আর সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে মোট ৩১ শিশু হাসপাতাল ছেড়েছে বলে মাইনউদ্দিন খান জানিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের লক্ষণ নিয়ে এক-দুজন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে।
মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে।
রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যার আলাদ আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
