১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তনু হত্যা: ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

সকালে ঢাকার কেরাণীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় পিবিআই।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 05:38 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে পিবিআই। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান। 

সকালে ঢাকার কেরাণীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় পিবিআই। 

আদালতের একজন কর্মকর্তা বলেন, তনু হত্যা মামলায় ১০ বছর পর চলতি বছরের ২১ এপ্রিল রাতে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর ২ অগাস্ট হাই কোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। মঙ্গলবার তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি হাফিজুর রহমানের জামিন আদেশ স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতের আত্মসমর্পণের নির্দেশ দেন। তিনি যদি আত্মসমর্পণ না করেন তবে তাকে গ্রেপ্তারের আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়।

২৪ ঘণ্টার মধ্যে আসামি আত্মসমর্পণ না করায় শনিবার সকালে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিকালে তাকে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তৈয়বুর রহমান আসামি হাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

তনু হত্যা২৪ ঘণ্টা পেরোলেও আত্মসমর্পণ করেননি আসামি হাফিজুর

তনু হত্যায় সাবেক সেনা সদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

তনু হত্যার আসামি হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

তনু হত্যায় সাবেক সেনা সদস্যসহ আরও দুজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১০ বছর আগের তনু হত্যায় প্রথম গ্রেপ্তার, সাবেক ওই সেনা সদস্য রিমান্ডে

কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

সেই রাতে তনুর বাবার দেখা ওই তিন ব্যক্তি কারা?

তনু হত্যা: আট বছরেও অধরা হত্যাকারীরা