২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ২

ওই নারী আগেও একই ধরনের প্রতারণা মামলায় গ্রেপ্তার হন এবং মামলায় চার্জশিটভুক্ত আসামি বলে পুলিশ জানায়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 12:16 AM

Updated : 26 Aug 2026, 09:49 AM

নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক নারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। 

গ্রেপ্তাররা হলেন- জেলার ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকার ইশরাম জাহান ও সদরের ঘুঘুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন। ইশরামের বর্তমান ঠিকানা ঢাকার যাত্রাবাড়ী। 

ওই নারী আগেও একই ধরনের প্রতারণা মামলায় গ্রেপ্তার হন এবং ওই মামলায় চার্জশিটভুক্ত আসামিও। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইশরাত জাহানের সহযোগী শাহাদাত হোসেন প্রথমে চাকরিপ্রার্থীর পরিবারের সাথে যোগাযোগ করেন। তাদের জানায় যে, দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে শিগগিরই লোক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ডিসি অফিসে তার ঘনিষ্ঠ একজন ম্যাজিস্ট্রেট আছেন। এরপর চাকরি প্রার্থীদের বিভিন্ন সময়ে আলাদাভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মিনারের কাছে ডেকে নেন। সেখানে প্রতারক ইশরাত জাহান নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য আশ্বস্ত করেন। 

শেখ জিন্নাহ আল মামুন আরও জানান, প্রতারণার শিকার চাকরি প্রার্থীরা পুলিশের কাছে দেওয়া অভিযোগ বলেন, তারা সাতজন মোট ৮ লাখ ৩৫ হাজার টাকা ওই দুজনকে দিয়ে প্রতারিত হয়েছেন। 

আল আমিন নামে একজন দেড় লাখ টাকা দেওয়ার পর প্রতারণার বিষয়টি জানতে পারেন। 

তিনি বুধবার রাতে তাদের অবস্থান জেনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করে বলে অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান।