২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘জমি নিয়ে বিরোধে’ হামলায় আহত কৃষকের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও চারজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও চারজন।

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে ঢাকার সিটি কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী। 

এর আগে বুধবার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত আল-আমিন শেখ (২৫) ওই গ্রামের আকবর আলী শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মধুখালী গ্রামের হাসেম শেখের ছেলে ফাইজুল শেখ, আব্বাস শেখ এবং নওয়াব শেখের ছেলে টিপু শেখের সঙ্গে একই গ্রামের আকবর আলী শেখের ছেলেদের বিরোধ চলে আসছিল। 

“ঘটনার দিন সকালে আল-আমিন বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে ফাইজুল ও আব্বাস বাধা দেন। এ সময় দুপক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে একদল লোক আল-আমিনকে পেটাতে থাকেন। চিৎকার শুনে আলামিনের বাড়ির লোকজন ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়।”

হামলায় আহত হয়েছেন আল-আমিনের ভাই আহত ইসমাইল শেখসহ আরও চার জন। তারা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আল-আমিনের স্ত্রী নুরনাহার বেগম বলেন, “আমার তিন ছেলে-মেয়েকে ওরা এতিম করে দিল। নির্মমভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করল। আমি তাদের ফাঁসি চাই।”

এ বিষয়ে জানতে ফাইজুল, আব্বাস ও টিপু শেখের বাড়িতে গেলে তাদের ঘরগুলো তালাবদ্ধ পাওয়া যায়। প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার বিকালে তারা ঘরে তালা মেরে কোথায় যেন চলে গেছেন।

ওসি আইয়ুব আলী বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।