Published : 29 Jan 2026, 03:13 PM
রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেছে।
বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি সহিংসতায় জামায়াত নেতার মৃত্যু ও দেশের বিভিন্ন স্থানে ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ৫ অগাস্টের পর থেকে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক মানুষের প্রাণ গেছে।”
তিনি বলেন, “নির্বাচনের পরিবেশকে কলুষিত করে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটেছে এবং গত তিন দিনে দেশের ৬০টির বেশি স্থানে মহিলা জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
“হিজাব বা বোরকা পরে ভোট চাইতে যাওয়ার কারণে নারীদের লাঞ্ছিত করা হচ্ছে, যা সুস্থ রাজনীতির পরিপন্থী।”
ফাহিম বলেন, “ফুটবল মাঠে নিয়ম ভাঙলে যেমন লাল কার্ড দেখানো হয়, তেমনি রাজনীতিতে একের পর এক ‘ফাউল’ এবং খুনের রাজনীতির প্রতিবাদে আমরা লাল কার্ড প্রদর্শন করছি।”
রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড তা নষ্ট করেছে।
“বিদেশে অবস্থানরত দলের শীর্ষ নেতার ‘নতুন পরিকল্পনা’র ঘোষণার বিপরীতে দেশে পুরনো সহিংস রাজনৈতিক চর্চাই চলমান রয়েছে।"
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্বাচনকে সহিংসতামুক্ত ও নিরাপদ করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।