Published : 24 Jun 2026, 02:06 PM
যশোর সদরে বাড়ির কাছের ঝোপ থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘মাদক বিক্রেতা’ হিসাবে পরিচিত এ যুবকের বিরুদ্ধে ১২টি মাদক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে সদরে উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার কর হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।
নিহত সাইদ সরদার ওরফে চশমা সাইদ (৩২) উপজেলার রঘুরামপুর গ্রামের গ্রামের নয়া সরদারের ছেলে।
প্রতিবেশী ও স্বজনদের বরাতে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাইদ সরদার এরপর আর বাড়ি ফেরেননি। সকালে তার বাড়ির পাশের ঝোপের কাছে রক্ত দেখতে পান কয়েক জন। পরে ঝোপের মধ্যে সাইদের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।
এছাড়া মরদেহের পাশেই একটি ছুরি পড়ে থাকতে দেখা যায়।
সাইদ সরদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।