হবিগঞ্জে ব্যবসায়ী গৌরাঙ্গ দাস হত্যায় একজনের যাবজ্জীবন
রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
হবিগঞ্জ শহরের ব্যবসায়ী গৌরাঙ্গ দাস হত্যার ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একবছর কারাবাসে থাকার রায় দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম কামাল উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার তপন সিংহ জানান।
দণ্ডপ্রাপ্ত আজিম হোসেন খান ওরফে সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের বাসিন্দা ও শহরের বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী।
তারা মিয়া নামে আরেক আসামি আগেই মারা গেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ জুলাই রাতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার সোমা স্টোরের মালিক গৌরাঙ্গ লাল দাস চৌধুরী নিখোঁজ হন। দুইদিন পর ২৮ জুলাই চুনারুঘাট শহরের পাশে খোয়াই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার তার ভাই আইনজীবী রাজ গোপাল দাস চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলাটির তদন্তভার পড়ে পিবিআইয়ের ওপর।
পিবিআই বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আজিম হোসেন খান ওরফে সোহাগকে গ্রেপ্তার করে।
সোহাগ হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যায় তার সহযোগীদের নাম প্রকাশ করেন।
স্বীকারোক্তিতে সোহাগ দাবি করেন, তিনিসহ চার ভাড়াটে খুনি ঘটনার রাতে গৌরাঙ্গ দাসকে অপহরণ করে একটি মাইক্রো বাসে তোলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশ্যে রওয়ানা হন।
পথে গৌরাঙ্গ দাস চিৎকার শুরু করলে ঘাতকরা তার নাকে-মুখে স্কচটেপ মুড়িয়ে দেন। এক পর্যায়ে মাইক্রো বাসেই প্রাণ যায় গৌরাঙ্গ দাসের। পরে তারা চুনারুঘাট বাজার সংলগ্ন স্টিলের ব্রিজের উপর থেকে লাশ খোয়াই নদীতে ফেলে দেন।
এ ঘটনায় করা মামলায় পিবিআইয়ের জেলার পরিদর্শক ফরিদ হোসেন দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
৩০৪ ধারায় অভিযোগ গঠন করা মামলাটির সোমবার রায় দেয় আদালত।
মামলার বাদী রাজ গোপাল দাস চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীররা সাবধান হবে।
মামলাটি দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযোগ গঠন করায় আদালত এই ধারার সর্বোচ্চ সাজা দিয়েছেন, বলেন পিপি সামছু মিয়া।
