Published : 06 Jul 2026, 09:44 PM
মাদারীপুরে মানিকগঞ্জ আদালতের জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আতিক জামান এবং মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
রোববার রাতে শহরের পানিছত্র এলাকার ভূঁইয়া বাড়ি মসজিদ-সংলগ্ন ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
পরিবারের দাবি, চুরির ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য মালামাল খোয়া গেছে।
পুলিশ জানায়, বিচারক আতিক জামানের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান অসুস্থ থাকায় পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন। এ কারণে বাড়িটি তালাবদ্ধ ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা কলাপসিবল গেইট ও ঘরের একাধিক দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে।
পরে শয়নকক্ষের স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, চার লাখ ৮০ হাজার টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মালামাল নিয়ে যায় বলে পরিবারের দাবি।
এ ছাড়া নির্মাণাধীন ভবনে রাখা কিছু নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সোমবার সকালে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা দেখে মো. আলিমুজ্জামানকে খবর দেন। পরে তিনি ঢাকা থেকে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং আলমারি তছনছ অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় মো. আলিমুজ্জামান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।