Published : 12 Jun 2026, 09:59 PM
চীন নিজেদের চেষ্টায় সারাবিশ্বে আজ শক্তিশালী দেশ হিসেবে আর্বিভূত হয়েছে বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “চীন প্রতিদিন বদলায়, উন্নত থেকে উন্নততর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে।”
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
এদিন বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপের যৌথ আয়োজনে জেলার সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, “চীন এখন সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। চীন বিভিন্ন দেশের মত বাংলাদেশকেও উন্নয়নের ক্ষেত্রে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তারা সমর্থন দিচ্ছে।

“কোনো জাতি কখনও এমনি এমনি উন্নত হতে পারে না। চীন যে উন্নত হয়েছে সেটা নিজের চেষ্টায় হয়েছে। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে আরও বেশি উন্নত হয়েছে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সঙ্গে কাজ করতে চান। শিশুদের আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং শিশুদের উন্নত করতে চান। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো কাজ হাতে নিয়েছেন।”
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী।