২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হত্যার আসামি যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ দশটি মামলা রয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 09:25 AM

Updated : 26 Aug 2026, 09:57 AM

খুলনা নগরীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান জানান।

৪৫ বছর বয়সী আলামিন নগরীর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কামাল বলেন, “পূর্ব বানিয়াখামার এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে বসেছিলেন আলামিন। এ সময় কয়েকজন যুবক চাপাতি এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান ও বাম পায়ের হাঁটু, বাম হাতের আঙুলসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ফেলে যায়।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আলামিনের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ দশটি মামলা রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কিছুদিন আগে মাদক মামলায় গ্রেপ্তার করে তাকে খুলনা সদর থানায় রাখা হয়েছিল।

“পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”  

নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।