২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ‘দোসর’ বলে টাঙ্গাইলের আইন কর্মকর্তার কক্ষে তালা

সদ্য নিয়োগ পাওয়া জিপির নিয়োগপত্র বাতিল করে নতুন নিয়োগের জন্য আইন উপদেষ্টা বরাবর আবেদন করেছেন একদল আইনজীবী।

আওয়ামী লীগের ‘দোসর’ বলে টাঙ্গাইলের আইন কর্মকর্তার কক্ষে তালা
টাঙ্গাইল আদালতে সদ্য নিয়োগ পাওয়া সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন আইনজীবীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

টাঙ্গাইল আদালতে সদ্য নিয়োগ পাওয়া সরকারি আইন কর্মকর্তা-জিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে; যাকে আওয়ামী লীগের ‘দোসর’ বলছেন আইনজীবীরা।

মঙ্গলবার সকালে জিপির দুটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইলের অতিরিক্ত আইন কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ ঘটনায় আইন সচিবের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর সদ্য নিয়োগ পাওয়া জিপি বজলুর রহমান মিয়ার নিয়োগপত্র বাতিল করে নতুন জিপি নিয়োগের জন্য আবেদন করেছেন একদল আইনজীবী।

এর আগে ১০ অগাস্ট বজলুর রহমানকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

বজলুর রহমানকে জিপি পদে নিয়োগ পাওয়ায় সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সেই ক্ষোভ থেকে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন আইনজীবীরা।

আইনজীবীরা বলেন, বজলুর রহমান বিগত আওয়ামী লীগের ‘দোসর’। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পোস্ট করেছেন। এ ছাড়া বজলুর রহমান আগে দেওয়ানী মামলা পরিচালনা করেননি বলে দাবি আইনজীবীদের। 

আদালতের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য যেকোনো যোগ্য আইনজীবীকে নিয়োগ দেওয়ার দাবি করেন তারা।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মো. জহুর আজহার খান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বজলুর রহমানকে দুই দিন অফিস না করার জন্য মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি।”

অতিরিক্ত আইন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, “সকালে কক্ষে তালা দেওয়ার বিষয়টি জানতে পারি। পরে প্রশাসনকে অবগত করেছি। তালা থাকায় আমি আমার কক্ষে প্রবেশ করতে পারিনি।”

সদ্য নিয়োগ পাওয়া জিপি বজলুর রহমান বলেন, “আমি কোন দলের ‘দোসর’ ছিলাম না। সদ্য জিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর আমি ‘ফ্যাসিস্টদের দোসর’ হয়েছি। আমার নামে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”