কক্সবাজারে ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার
রোহিঙ্গা শিবিরে কাজ করা ‘এনআরসি’ নামের এক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার শিক্ষা প্রকল্পে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন মাসুদ।
কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিমরত্না ঝাউতলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
মারা যাওয়া আব্দুল্লাহ আল মাসুদ (২৩) মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মো. শফির ছেলে।
তিনি রোহিঙ্গা শিবিরে কাজ করা ‘এনআরসি’ নামের এক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার শিক্ষা প্রকল্পে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে রত্নাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়ছার বলেন, “অফিস শেষে বাসায় ফিরে প্রতিদিন সন্ধ্যায় আব্দুল্লাহ আল মাসুদ নিয়ম করে বাসায় প্রবেশের মূল দরজার সামনের লাইট জ্বালিয়ে দিতেন। এছাড়া বাসার পাশের একটি নলকূপ থেকে খাবার পানিও আনতে যেতেন প্রতিদিন।
“কিন্তু বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ থাকলেও বাসার সামনের লাইট জ্বালানো অবস্থায় দেখতে না পেয়ে বাসাটির মালিক রাসেল খোঁজ নিতে শুরু করেন।
কিন্তু দরজায় নক ও ডাকার পরও মাসুদের সাড়াশব্দ না পেয়ে পরে জানালা দিয়ে উঁকি দিতেই একটি ঝুলন্ত রশির নিচে চেয়ারের উপর মাসুদকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।
এরপর তিনি ঘটনাটি স্থানীয়দের পাশাপাশি পুলিশকেও খবর দেন। “
স্থানীয় এ জনপ্রতিনিধি বলেন, “আব্দুল্লাহ আল মাসুদ গত ৪-৫ মাস আগে ভাড়া বাসাটিতে উঠেন। তিনি বাসায় নিয়মিত অবস্থান করতেন। তার ব্যাপারে কারও কাছ থেকে কোন অভিযোগও শোনা যায়নি। “
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও কি কারণে এ মৃত্যুর ঘটনা তা খতিয়ে দেখতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলেও জানান তিনি।
