বরিশালে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত, আহত ৭
ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি বরিশালে ফিরছিল বলে জানায় ফায়ার সার্ভিস।
বরিশালের গৌরনদী উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রোগীবাহী অ্যাম্বুলেন্স চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন শিশুসহ আরও সাতজন।
শুক্রবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার মাহিলারা মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানান গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ।
নিহত অ্যাম্বুলেন্স চালক মো. নাইমুল আলম (২৮) চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মিঙ্গলী গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে।
আহতরা হলেন- ট্রাক্টর চালক শাকিল হোসেন ও তার সহকারী প্রদীপ, অ্যাম্বুলেন্সের যাত্রী ভোলার দৌলতখান উপজেলার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম এবং সানজিদা খানম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে ‘বিসমিল্লাহ পরিবহনের’ একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের (পেকু) সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে গৌরনদী মহাসড়ক থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
