Published : 02 Feb 2026, 11:51 AM
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কিশোরগঞ্জে বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপির ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া, এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অল কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বার, বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জ্বল হোসেন বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে একই অভিযোগে গত ২৬ জানুয়ারি আরও ১৭ জন নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। ফলে এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালসহ ৩২ নেতাকে বহিষ্কার করল দলটি।