২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি সদস্যের কার্যালয় ভাঙচুর: সালিশে বিএনপি সমর্থককে কুপিয়ে হত্যা

এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 06:11 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

সরকার পতনের দিন কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ডাকা সালিশে বিএনপি সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ নয়ন মিয়া জানান।

নিহত ছিদ্দিকুর রহমান (৪৫) ওই গ্রামের গাবুদ্দিবাড়ির প্রয়াত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। 

এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাইচাপাড়া বাজারে বিজয় মিছিল করেন স্থানীয় ছাত্র-জনতা। 

এ সময় বাজারে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের আওয়ামী সমর্থিত ইউপি সদস্য আমির হোসেনের কার্যালয় থেকে শেখ হাসিনা ও দেবিদ্বারের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছবি সরাতে বলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতাসহ বিএনপির নেতাকর্মীরা। 

কিন্তু আমির তাতে অস্বীকৃতি জানালে ছাত্র-জনতা কার্যালয় থেকে ছবিগুলো নামিয়ে ভাঙচুর চালায়। 

এতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন তাদের দেখে নেওয়ার হুমকি দেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আবু বকর ছানাউল নামে এক শিক্ষার্থীকে অফিস ভাঙচুরের অভিযোগে মারধর করেন আমির হোসেনের দুই ছেলে জুয়েল হোসেন ও সোহাগ মিয়া। 

ছানাউল ঘটনার পরপরই দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

এতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন লোকজন নিয়ে ওইদিন রাতেই সাইচাপাড়া গ্রামে আবু বকর ছানাউলদের বাড়িতে হামলা করতে যান। 

তখন স্থানীয়রা এগিয়ে গিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন। 

ইউপি সদস্য আমির হোসেন সবাইকে নিয়ে সালিশ বৈঠক বসাতে বলেন। এ নিয়ে শুক্রবার সকালে গ্রামে সালিশ বসে। 

সালিশ চলার সময় দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে আমির হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় বিএনপির সমর্থক রিকশাচালক সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। 

সিদ্দিকুরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাইচাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আয়েজ ও তানবীর হোসেন বলেন, আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসক। তাদের মধ্যে সিদ্দিকুর রহমান বেলা ১১টার দিকে মারা গেছেন।

নিহতের বোন মায়া আক্তার বলেন, “আমার ভাই কিছু করে নাই। তিনি সালিশ দেখতে গেছিলেন। তারা নির্মমভাবে আমার ভাইরে হত্যা করছে। আমার ভাই তাদের কাছে একটু পানি চাইছিল। তারা একটু পানিও দেয়নি। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” 

এসব বিষয়ে জানতে ইউপি সদস্য আমির হোসেনের মোবাইলে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

তবে স্থানীয়রা জানান, ঘটনার পরপরই এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন আমির হোসেন। 

দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ নয়ন মিয়া বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। 

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি জানিয়ে তিনি বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”