২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবা জখম

নগর পুলিশের কর্মকর্তা বলেন, “কী কারণে এই ঘটনাটি ঘটেছে তার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 10:36 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

সিলেট নগরীতে দুই মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশুটির বাবাকেও গলায় জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার বিকাল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান।

নিহত শিশুর নাম ইনায়া রহমান। সে ওই এলাকার অটোরিকশা চালক আতিকুর রহমান ও নাজমা বেগমের মেয়ে।  

আতিকুর রহমান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় চিকিৎসাধীন। 

নাজমা বেগম সাংবাদিকদের বলেন, তার স্বামী সকালে গাড়ি নিয়ে বেরিয়ে যান। পরে দুপুরে বাসায় ফিরেন। তখন বলছিলেন, তার মাথা ব্যাথা করছে। পরে নামাজ পরে খাওয়া-দাওয়া করে তিনজনই ঘুমিয়ে পড়েন। 

তিনি বলেন, “আসরের আজানের কিছুক্ষণ আগে মেয়ে কান্না করছিল। তখন বাচ্চাকে কোলে নিয়ে আমার স্বামী হাঁটাহাঁটি করছিলেন। আমি ঘুমিয়ে ছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী শরীরে হাত দিয়ে আমাকে ডাকেন। 

“আমি ঘুম ঘুম চোখে থাকিয়ে দেখি, স্বামীর গলা রক্তাক্ত। পরে দ্রুত ওঠে গিয়ে দেখি আমার মেয়েরও গলাকাটা।” 

নগর পুলিশের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “কী কারণে এই ঘটনাটি ঘটেছে তার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।” 

স্থানীয়রা জানিয়েছে, পরিবারটি মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকে। বিকালে তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে যায়। তখন শিশু ও আতিকুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।