চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সকালে খেলাধুলার এক পর্যায়ে শিশুটি বাড়ির পাশে খালে পড়ে যায় বলে জানান স্বজনরা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন।
নিহত রুফাইয়িত হোসেন (৪) মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রুফাইয়িত তার মায়ের সঙ্গে বোয়ালমারি গ্রামে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে। এদিন সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে করতে শিশুটি নিখোঁজ হয়।
দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি খালে ভাসমান অবস্থায় রুফাইয়িতের লাশ পায়। খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায় বলে ধারণা করছেন স্বজনরা।
ওসি মেজবাহ উদ্দিন বলেন, স্বজনদের কোনও অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।
