জামালপুরে ট্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
“তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নাই।”
জামালপুরে আন্তঃনগর ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে পৌছানোর পর মরদেহটি উদ্ধার করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে ওসি রবিউল বলেন, ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৬০ বছর বয়সী লম্বা ও রুগ্ন ওই ব্যক্তি ট্রেনে ওঠেন। তিনি ট্রেনে হাঁটাহাঁটি করছিলেন।
“ট্রেনটি নান্দিনা রেল স্টেশনে পৌছলে পাওয়ার কার ও একটি বগির মাঝে করিডোরে তিনি হঠাৎ পড়ে যান। তখন যাত্রীরা তার মাথায় পানি ঢালেন। এরপর রাত সাড়ে ১১টায় জামালপুর স্টেশনে তার মরদেহ নামানো হয়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নাই।”
ট্রেনে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
