২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নাব‌্য সংকট, দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট বন্ধ

সকাল ৯টা থেকে ঘাটটি বন্ধ রাখা হয় বলে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

পদ্মায় নাব‌্য সংকট কাটাতে খনন কাজ চলমান থাকায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি। 

শনিবার সকাল ৯টা থেকে ঘাটটি বন্ধ রাখা হয় বলে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

৭ নম্বর ফেরি ঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন, “সকাল ৯টা থেকে ফেরি ঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে বন্ধ রয়েছে। কখন এ ঘাটটি সচল হবে সেটা বলতে পারছি না।”

দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং খনন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রেজিং কার্যক্রম শেষ হলে আবার ফেরি ঘাটটি সচল হবে।”

তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।